>

Top News

আজ থেকে সশস্ত্র বাহিনীর অভিযান শুরু

আজ থেকে সশস্ত্র বাহিনীর অভিযান শুরু 

ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যাওয়া হয়।


এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সে সংখ্যা খুবই নগণ্য। বহু অস্ত্র বাইরে রয়ে গেছে। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Bangladesh Army


নির্দেশনা অনুযায়ী কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে কাছের থানায় জমা দিতে বলা হয়েছিল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আগেই ঘোষণা দেয়া হয়েছিল।


এ অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর (৪ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখতে যৌথ অভিযান শুরু হচ্ছে।


অভিযান বিষয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। একইসাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এরসাথে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে।


সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে। তবে মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার। সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় কমিশনার এ অভিযান পরিচালনা করবেন।


জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে। এই কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।


ফেসবুকে ফলো করুন - এখানে 

Post a Comment

Previous Post Next Post